চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ী ও উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।
২০২২ সালের ১৮ জুলাই পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে আদালতে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে যান। সেখানে অবস্থান শেষে রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব থেকে বের হওয়ার সময় পরীমনি নাসির উদ্দিনের কাছে একটি ব্লু লেবেল মদের বোতল বিনামূল্যে দাবি করেন। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে গ্লাস ছুড়ে মারেন বলে অভিযোগ করেন নাসির উদ্দিন। এতে তার মাথা ও বুকে আঘাত লাগে বলেও মামলায় উল্লেখ করা হয়।
পরে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বছরের এপ্রিলে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তদন্তে নাসির উদ্দিনকে মারধর এবং পরীমনির ছোড়া গ্লাসে তার আহত হওয়ার অভিযোগের সত্যতা পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে পিবিআই।
এদিকে মামলায় আদালতে হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।