• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

অবশেষে সেন্টমার্টিন গেল প্রথম পর্যটকবাহী জাহাজ

মুক্ত টিভি নিউজ / ২৪ সময় দৃশ্য
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সব জল্পনা-কল্পনা, জটিলতা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় আট শতাধিক পর্যটক নিয়ে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে এমভি বার আউলিয়া।
জাহাজ ছেড়ে যাওয়ার আগে পর্যটকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জাহাজের ফিটনেস, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা।
দীর্ঘ প্রতীক্ষার পর পর্যটকদের জন্য সেন্টমার্টিনে যাতায়াতের সুযোগ চালু হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। তাঁরা আশা করছেন, জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপের পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, নানা সীমাবদ্ধতা ও জটিলতা পেরিয়ে আট শতাধিক যাত্রী নিয়ে এমভি বার আউলিয়া সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। প্রথম দিনে যাত্রীসংখ্যা বিবেচনায় একটি জাহাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা আগে টিকিট সংগ্রহ করেছেন, তাঁরাই প্রথম দিনে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
এর আগে বুধবার দিনভর জাহাজ চলাচল নিয়ে নানা নাটকীয়তা ও অনিশ্চয়তা তৈরি হয়। শুরুতে বৃহস্পতিবার থেকে তিনটি জাহাজ চলাচলের ঘোষণা দেওয়া হলেও সন্ধ্যার পর তা নিয়ে সংশয় দেখা দেয়। পরে রাত ১০টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিন যাওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, ইতোমধ্যে অনেক পর্যটক টিকিট সংগ্রহ করেছেন। তাঁদের ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পাওয়া জাহাজ তিনটি হলো—এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। এসব জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০, এমভি কর্ণফুলীর ৭৩২ এবং এমভি টেকনাফের ৭১৬ জন।
সংশ্লিষ্টদের দেওয়া সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল সাড়ে ৭টায় কক্সবাজার ঘাট থেকে ছেড়ে বিকেল আড়াইটায় সেন্টমার্টিন ঘাট থেকে ফিরবে। এমভি কর্ণফুলী সকাল সোয়া ৭টায় যাত্রা করে বেলা সোয়া ২টায় এবং এমভি টেকনাফ সকাল সোয়া ৮টায় যাত্রা করে বিকেল সাড়ে ৩টায় ফিরে আসার কথা রয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ