প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলাম বরাবর এ নোটিশ পাঠান।
১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহারের দাবি
আইনি নোটিশে উল্লেখ করা হয়, নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই’—এমন বক্তব্য দিয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে তাকে এ বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
বক্তব্যকে অগ্রহণযোগ্য বললেন আইনজীবী
নোটিশে আরও বলা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত নাহিদ ইসলামের বক্তব্যটি আইনজীবী মো. হাবিবুর রহমানের দৃষ্টিগোচর হয়। বক্তব্যটি তাকে বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ঈর্ষান্বিত হয়ে অবাস্তব ও কাল্পনিক মন্তব্যের মাধ্যমে নাহিদ ইসলাম নিজেকে অপরিপক্ব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপের মতো দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয় বলেও উল্লেখ করা হয়।
একই সঙ্গে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে আইনি নোটিশে।